শিরোনাম

টাঙ্গাইল, ২ আগস্ট ২০২৬ (বাসস): জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি হাসপাতাল ও একটি ক্লিনিককে মোট একলাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে টাঙ্গাইল পৌর শহরে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ।
সহকারী পরিচালক জানান, প্যাথলজিস্টের অনুপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ রাখার ফ্রিজের তাপমাত্রা সঠিক না থাকা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো অনিয়মের প্রমাণ পাওয়ায় পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা, অ্যাপোলো হাসপাতালকে ২৫ হাজার টাকা, সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এ সময়ে পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।