বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৭:৫৫

ভোলায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সেমিনার 

ভোলায় নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত। ছবি: বাসস

ভোলা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বেলা ১১টায় ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জেলা কার্যালয় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

সেমিনারে 'নৌযান শুমারি ২০২৬' -এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপরিধি নিয়ে মূল প্রবন্ধ ও প্রেজেন্টেশন উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যান অফিস, ভোলা এর উপ-পরিচালক মাকসুদুর রহমান।

এ সময় ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. বেলাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন। 

সেমিনারে নৌ অধিদপ্তর, নৌ পুলিশ, জেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নৌযান মালিক সমিতি ও নৌযান শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অংশীজন অংশগ্রহন করেন।

সেমিনারে জানানো হয়, ডেটাবেজ তৈরির জন্য দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি হচ্ছে। আগামী ৩ ও ৪ আগস্ট দেশের দ’ুটি জেলায় পাইলট অপারেশনের মাধ্যমে শুমারির প্রশ্নপত্র ও তথ্য সংগ্রহ পদ্ধতি যাচাই করা হবে। 

এরপর ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ১০ দিনব্যাপী মূল শুমারি পরিচালিত হবে।

সেমিনারে আরও জানানো হয়, ‘নৌযান শুমারি ২০২৬’ -এর মূল উদ্দেশ্য হলো দেশের সমুদ্রগামী ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযানের সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্য নিয়ে একটি সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরি করা। এই তথ্যভান্ডার নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌ-দুর্ঘটনা হ্রাস এবং নৌ-শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।