শিরোনাম

ময়মনসিংহ, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির অংশ হিসাবে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবির সরকার।
এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, নিজের বিদ্যালয়ে নিজের ঘরের মতো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
এসময় প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে শিক্ষার্থীরা আমগাছ সহ নানা প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।