শিরোনাম

লালমনিরহাট, ১ আগস্ট ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি গাছ লাগানোই যথেষ্ট নয়। গাছকে বড় করে তুলতে যেমন নিয়মিত পরিচর্যার প্রয়োজন, তেমনি একটি শিশুকেও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধের উন্মেষ এবং সুস্থ সামাজিক পরিবেশ।
লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন এবং বিভিন্ন সংগঠনের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা এবং সুস্থ জীবনের বিকাশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
এ জন্য সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি সামাজিক অপরাধ দমন ও অবক্ষয় রোধে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্বারোপ করেন।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে মন্ত্রী লালমনিরহাটে আরডিআরএস পরিচালিত অন্ধ শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।