শিরোনাম

নেত্রকোণা, ১ আগস্ট ২০২৬ (বাসস): জেলার পূর্বধলা উপজেলায় আজ রাস্তা পারাপারের সময়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার পূর্বধলা ইউনিয়নের নয়াপাড়া (থানা রোড) এলাকায় বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার প্রীতি পূর্বধলা উপজেলার ৬নং পূর্বধলা ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। সে স্থানীয় দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে শিশু মারিয়া আক্তার প্রীতি মাদ্রাসায় যায়।
মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপাড়া থানা রোডস্থ বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার পাশে তার পিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এ সময় শিশুটি রাস্তার বিপরীত পাশ থেকে তার পিতার কাছে যাওয়ার চেষ্টা করলে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি পাকা রাস্তায় পড়ে যায় এবং অটোরিকশার একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এ ঘটনায় গুরুতর অবস্থায় শিশু মারিয়া আক্তার প্রীতিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক অটোরিকশা সহ চালককে শনাক্তের চেষ্টা চলছে।