বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১২:৪৫

গাজীপুরে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

গাজীপুর, ১ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের চরসিন্দুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-মোক্তারপুর ইউনিয়নের আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে ৫ বন্ধু মিলে চরসিন্দুর ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে লাবিবুল ও রাব্বি নদীর পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য বন্ধুরা তীরে উঠে এলেও তাদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, মরদেহ দ’ুটি স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।