বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৮:১৩

দক্ষিণ গফরগাঁওয়ের প্রস্তাবিত সদর দপ্তরের স্থান পরিদর্শন করেছেন : বিভাগীয় কমিশনার

ছবি : বাসস

ময়মনসিংহ, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তরের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবির এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কান্দিপাড়া সংলগ্ন জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজা পরিদর্শন শেষে তিনি জনগণের মতামতের ভিত্তিতে দ্রুত নবগঠিত উপজেলার সদর দপ্তর স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দক্ষিণ গফরগাঁও উপজেলার অন্তর্ভুক্ত ৮টি ইউনিয়নের হাজার হাজার মানুষ পরিদর্শনস্থলে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয়রা গেজেটভুক্ত সদর দপ্তর নয়াবাড়ি মৌজাতেই দ্রুত উপজেলা ভবন নির্মাণ ও প্রশাসনিক কার্যক্রম শুরু করার দাবি জানান।

পরিদর্শন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবির বলেন, সরকারের গেজেট, স্থানীয় বাস্তবতা এবং জনগণের প্রত্যাশার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। এ সময় তিনি দক্ষিণ গফরগাঁও উপজেলা দ্রুত বাস্তবায়নের বিষয়ে উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ. কে. এম. আনছারউদ্দিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা আব্দুস ছালাম বেপারীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে গত ১ জুলাই ময়মনসিংহে দক্ষিণ গফরগাঁও নামের জেলার ১৪তম উপজেলার অনুমোদন হয় নিকার বৈঠকে। নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হয়।