শিরোনাম

সিলেট, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : সিলেট নগরের মিরের ময়দান এলাকায় স্কুলের সামনের সড়কে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ আহমদ (৬০)।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি নগরের মাছিমপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ের পাঠদান শেষে বেলা ১১টার দিকে ব্যাংকের উদ্দেশে বের হন। স্কুলের সামনে বাংলাদেশ বেতার গেটে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দুর্ঘটনাকবলিত ওই সিএনজিতেই করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
নিহত মুরাদ আহমদের দুই কন্যা রয়েছে। এর মধ্যে একজন ব্লু বার্ড স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং অপরজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, শিক্ষকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।