বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১৮:২০

ব্যানবেইস থেকে ইআইআইএন নম্বর সংগ্রহের নির্দেশ কারিগরি বোর্ডের

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : অ্যাফিলিয়েশনভুক্ত সকল ডিপ্লোমা স্তর, এইচএসসি (বিএমটি), এসএসসি (ভোকেশনাল) এবং এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ আগস্টের মধ্যে ব্যানবেইস থেকে ‘ইআইআইএন’ নম্বর সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

আজ বুধবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশশনা জারি করা হয়।

সেখানে জানানো হয়, বোর্ড থেকে স্বতন্ত্র প্রতিষ্ঠানে পাঠদান অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো’ (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর সংগ্রহ করে বোর্ডকে অবহিত করার নিয়ম রয়েছে। 

এতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান এখন পর্যন্ত ব্যানবেইস থেকে ইআইআইএন নম্বর সংগ্রহ করেনি, তাদের প্রতিষ্ঠান প্রধানগণকে আগামী ১৪ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে ইআইআইএন নম্বরের জন্য আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের প্রয়োজনীয় লিংক কারিগরি শিক্ষা বোর্ড এবং ব্যানবেইসের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।