শিরোনাম

পটুয়াখালী, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের জন্য মজুত করে রাখা বিপুল পরিমাণ নকল বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ বিভিন্ন পণ্য জব্দ করেছে কোস্ট গার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন আজ রোববার সকালে বাসস’কে এই তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার সবুজবাগ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় তিনটি সন্দেহজনক গোডাউনে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুত ১৮ হাজার ৪শ’ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট, ৭৪ প্যাকেট রোলিং পেপার এবং ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। জব্দ নকল সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭৩ হাজার ৩শ’ টাকা।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গোডাউনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ পণ্যগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বাসস’কে বলেন, চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য মজুত ও বাজারজাতকরণ বন্ধে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।