বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ১৩:৪৭

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার ৫ দিনব্যাপী কর্মসূচি 

ছবি : বাসস

খুলনা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনটি উপ-কমিটিও গঠন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর বিএনপি আয়োজিত যৌথ প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মহানগর বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই যৌথ সভায় সভাপতিত্ব করেন, মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা। 

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন।

সভায় সর্বসম্মতিক্রমে, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় এবং তা সফল করতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচির মধ্যে ১ সেপ্টেম্বর সূর্যোদয়ের সাথে সাথে খুলনা মহানগর বিএনপি, সব থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয় সমূহে আকর্ষণীয় আলোকসজ্জা। বিকেল ৩টায় খুলনা নগরীর জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। 

খুলনা মহানগরীর অন্তর্গত প্রতিটি ওয়ার্ড, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজস্ব ব্যানার ও মিছিলসহকারে নির্ধারিত সময়ে সমাবেশস্থলে সমবেত হতে বলা হয়েছে।

জিয়া হল চত্বরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এমপি। প্রধান বক্তা থাকবেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। 

বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আলী আসগর লবী এমপি, আমির এজাজ খান এমপি এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ বক্তা থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। সমাবেশে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। যৌথভাবে সঞ্চালনা করবেন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে ৩টি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে। এগুলো হচ্ছে- ব্যবস্থাপনা উপ-কমিটি : আহ্বায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সাজ সজ্জা উপ-কমিটি : আহ্বায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচিব ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু। শৃঙ্খলা উপ-কমিটি : আহ্বায়ক শেখ সাদী ও সদস্য সচিব আব্দুল আজিজ সুমন।

সভায় বক্তব্য রাখেন মো. মাসুদ পারভেজ, বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, অ্যাড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সৈয়দা রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সৈয়দা নার্গিস আলী, হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, মজিবর রহমান, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, আক্তারুজ্জামান তালুকদার, সজিব, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মিলটন, আবু সাঈদ শেখ, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিন, মতলুবুর রহমান মিতুল, রবিউল ইসলাম রুবেল, মো. তাজিম বিশ্বাস, রকিবুল ইসলাম মতি, শফিকুল ইসলাম শফি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, কে এম জলিল, শেখ আদনান হোসেন প্রমুখ।