বাসস
  ২৮ জুলাই ২০২৬, ২১:৩৯

কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

ছবি : বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য কৃষি প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে কৃষি খাতে সহযোগিতা জোরদার এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের প্রক্রিয়া শুরু করার বিষয়ে আলোচনা করেছে।

সারাওয়াকে বাংলাদেশের উপ-হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল এবং সারাওয়াকের খাদ্য শিল্প, পণ্য ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের (এম-পিকোর্ড) স্থায়ী সচিব দাতু সিরাই আনাক দাহার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই পক্ষ কৃষি সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করে। বিশেষ করে অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ধান উৎপাদন ও প্রাণিসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া, কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কাঠামো তৈরির লক্ষ্যে কৃষি সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের প্রক্রিয়া নিয়েও উভয় পক্ষ আলোচনা করে।

বৈঠকে এ-পিঢোর্ডের স্থায়ী সচিব আসন্ন সারাওয়াক অ্যাগ্রোফেস্ট ২০২৬-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

বৈঠকে সারাওয়াক সরকারের কৃষি, ভেটেরিনারি সেবা, ভূমি উন্নয়ন, কৃষক সংগঠন, রাবার ও সাগো উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে সহযোগিতা জোরদারে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সারাওয়াকের গভর্নর, প্রিমিয়ার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল ল্যাবএশিয়া বোর্নিও এডিশন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় এবং অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করে।