শিরোনাম

দিনাজপুর, ২৮ জুলাই ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল -এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় সদর উপজেলার ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলার সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের ৮৯ জন, মাধ্যমিক পর্যায়ের ৫৩ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩২ জন শিক্ষার্থীর মধ্যে মোট সাতলাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এছাড়া ২৭ জন শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং পাঁচজনকে নতুন নির্মিত বাড়ি প্রদান করা হয়।