বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৮:১৮

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ছবি : ঢাবি

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী।

আজ সোমবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এ সময় ঢাবি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাবি এবং ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী ঢাবি’র তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পাঠ্যক্রম উন্নয়ন ও সিলেবাস আধুনিকায়নের ক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাবিতে আসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান। ঢাবি’র শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।