বাসস
  ২৬ জুলাই ২০২৬, ২১:১২

যবিপ্রবিতে সেমিনারে জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ গ্রহণের আহ্বান

ছবি : বাসস

যশোর, ২৬ জুলাই, ২০২৬ (বাসস): জাপানে ফেলোশিপ ও আন্তর্জাতিক গবেষণা তহবিলের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষকদের অবহিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘গাইডেন্স সেমিনার অন দ্য জেএসপিএস প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ ফান্ডিং অপরচুনিটিস’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে যবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সার্বিক সহযোগিতায় এবং জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস)-এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জেএসপিএস প্রতি বছর বিশ্বের গবেষকদের দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও ফান্ডিং প্রদান করলেও সঠিক তথ্যের অভাব ও কম আবেদনের কারণে বাংলাদেশ থেকে খুব কমসংখ্যক গবেষক এই সুযোগ নিচ্ছেন।

জাপানে গবেষণার পরিবেশ ও যৌথ কাজের সংস্কৃতি তরুণ গবেষকদের ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখে উল্লেখ করে তিনি আধুনিক প্রযুক্তি শিখে দেশে ফিরে জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি বিভাগের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান। 

বাংলাদেশ জেএসপিএস-এর সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।