বাসস
  ২৬ জুলাই ২০২৬, ২০:৫৮

কারিগরি শিক্ষার অডিট আপত্তির ব্রডশিট জবাব দাখিলের নির্দেশ

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রকল্পসমূহের পূর্ব নিরীক্ষা হতে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত প্রেরিত অডিট ইন্সপেকশন রিপোর্টের (এআইআর) আলোকে অডিট আপত্তির ব্রডশিট জবাবের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

আজ রোববার অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রকল্প প্রধানদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে এই জবাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আদেশে জানানো হয়, শিক্ষা অডিট অধিদপ্তর কর্তৃক কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন ১টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৮টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ১টি সার্ভে ইনস্টিটিউট, ৪টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ৩টি প্রকল্পের মাঠ পর্যায়ের নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে এআইআর প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদনে ১ থেকে ৭ নম্বর অনুচ্ছেদকে গুরুতর আর্থিক অনিয়ম (এসএফআই) এবং ৮ থেকে ৪৮ নম্বর অনুচ্ছেদকে সাধারণ আর্থিক অনিয়ম (নন-এসএফআই) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে গুরুতর আর্থিক অনিয়মের (এসএফআই) ক্ষেত্রে ‘ছক (ক)’ অনুসরণ করে প্রয়োজনীয় প্রমাণকসহ ৩ সেট এবং সাধারণ আর্থিক অনিয়মের (নন-এসএফআই) ক্ষেত্রে ‘ছক (খ)’ অনুসরণ করে ২ সেট ব্রডশিট জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।