শিরোনাম

যশোর, ২৬ জুলাই ২০২৬ (বাসস): জেলা সদরে আজ ৬৮০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ সুমন ম-ল (৪০) নামের এক ব্যক্তি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক এককোটি ৪০ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ রোববার ভোরে যশোর-নড়াইল মহাসড়কের যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
এ ঘটনায় আটক সুমন ম-ল নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকার প্রাণনাথ ম-লের ছেলে।
রোববার বিকেলে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে সন্দেহভাজন সুমন ম-লকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটির অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ঘড়ি এবং নগদ সাতহাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দায়েরের পর আটক আসামিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।