বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১৭:২৬

মাদারীপুরে অনিয়মের দায়ে দু’টি বেকারিকে জরিমানা 

মাদারীপুর, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নিম্নমানের উপকরণ ব্যবহার সহ বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি বেকারিকে মোট একলাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাদারীপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। 

অভিযানকালে শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, পচা ডিম সংরক্ষণ, কীটপতঙ্গ দমনের কার্যকর ব্যবস্থা না থাকা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার, বাধ্যতামূলক পণ্য নিবন্ধনের ঘাটতি,  কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের প্রয়োজনীয় সনদ না থাকা প্রভৃতি অনিয়মের দায়ে রাজধানী বেকারিকে একলাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে তালহা ফুড প্রোডাক্টস নামের আরেকটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।