বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১৭:৩৩

মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

ছবি : বাসস

ময়মনসিংহ, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে ১০ মাদকসেবী ও কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 

তারা হলেন প্রশান্ত চৌহান (২৮), নূর হাবিব (৩০), আসাদুজ্জামান বাবু (২২), শামীমুল ইসলাম শামীম (৩১), মো. সোহাগ (২৫), মো. হাসমত আলী (৪২), রাজীব আলী (২৫), সুজন মিয়া (৩২), তারা মিয়া (৬৭) ও নাজমুল ইসলাম রাজু (৩০)।

এর আগে গতকাল শনিবার রাতে মুক্তাগাছা পৌরসভার ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মাদকবিরোধী কমিটির সদস্যরা তাদের আটক করেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বাসসকে বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের সংসদ সদদ্যের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত চলছে। স্থানীয় জনগণ ও মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ বিষয়ে মুক্তাগাছা আসনের সংসদ সদস্য (এমপি) জাকির হোসেন বাবলু বাসসকে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। কোনো অবস্থাতেই মাদক বিরোধী আভযানে ঢিলে গতি সহ্য করা হবে না।