শিরোনাম

কুমিল্লা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তাসকিন চাঁপাচৌ গ্রামের রাজমিস্ত্রি নবী হোসেনের ছেলে। সে স্থানীয় গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, বাড়ি সংলগ্ন মাঠে শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল তাসকিন। এর একপর্যায়ে মাঠসংলগ্ন পুকুরে ফুটবলটি পড়ে যায়। পরে বল তুলে আনার উদ্দেশ্যে তাসকিন পুকুরে নামলে পানিতে তলিয়ে যায়।
এ সময় সহপাঠিরা দ্রুত বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে তাসকিনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় উপস্থিত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য সাদ্দাম হোসেন বাসস’কে বলেন, তাসকিন অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলা করার সময় বল পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।