শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৫ জুলাই ২০২৬ (বাসস): জেলার শ্রীনগর উপজেলায় আজ যাত্রীবাহী বাস এবং নসিমনের (শ্যালো ইঞ্জিন চালিত যান) মধ্যে মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক মজনু (৩০) ও দুলাল চন্দ্র (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার বিকাল সাড়ে ৫ টায় শ্রীনগর উপজেলার লস্করপুর এলাকায় বাড়ৈইখালী- হাসাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক মজনু জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার আইয়ুব আলীর পুত্র। অন্যদিকে, নিহত যাত্রী দুলাল চন্দ্র একই উপজেলার খাড়া মুনিপাড়া এলাকার সাধন চন্দ্রের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বিকাল সাড়ে ৫ টায় শ্রীনগর উপজেলায় বাড়ৈইখালী - হাসাড়া সড়কে বাড়ৈইখালী থেকে গুলিস্তানগামী যাত্রীবাহী বৈশাখী পরিবহনের একটি বাস লস্করপুর এরাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের (শ্যালো ইঞ্জিন চালিত যান) সাথে সংঘর্ষ ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গুরুতর আহত মজনু এবং দুলাল চন্দ্রকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, নিহত দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।