শিরোনাম

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : জনসেবার মান, চলমান চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সার্বিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ আকস্মিকভাবে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। পাশাপাশি, প্রান্তিক জনগণের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, ৫১ শয্যাবিশিষ্ট নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি ডিও লেটার (আধা সরকারি পত্র) প্রদান করেছিলেন। এরই প্রেক্ষিতে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি আদেশ জারি করে।
হাসপাতালের অবকাঠামোগত ও সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রীর এমন আকস্মিক ও জনমুখী পরিদর্শনের ফলে সেবার মানের অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে মনে করছেন এলাকাবাসী। জনকল্যাণমুখী এই পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী।