শিরোনাম

বাগেরহাট, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে।
আজ শনিবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এসময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী হাসপাতালের সেবার মান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাবারের নিম্নমান এবং চিকিৎসক সংকটসহ নানা বিষয়ে খোঁজখবর নেন। দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। তাই তাদের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। অতীতের অজুহাত দিয়ে লাভ নেই, আমরা সারা দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।
তিনি আরও বলেন, আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় মারা যাক। যা আছে, তা দিয়েই গরিব মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এ কারণে ৫০ শয্যার এই হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।
পরিদর্শনে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন এবং আধুনিক অপারেশন থিয়েটার, চিকিৎসক ও নার্স সংকট, ল্যাবরেটরি, প্যাথলজিসহ টেকসই ভবন নির্মান করার ঘোষণা দেন।