বাসস
  ২৫ জুলাই ২০২৬, ১৪:০৯

ইটনায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ২৫ জুলাই ২০২৬ (বাসস): জেলার ইটনা উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাইজা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকার একটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাইজা উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের মো. নাইমের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ফাইজা তার ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় গ্রামবাসী প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

আজ সকাল ৮টার দিকে ঘটনাস্থলের কাছেই নদীতে ফাইজার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।