শিরোনাম

শেরপুর, ২৬ জুলাই ২০২৬ (বাসস): জেলার নকলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে নকলা উপজেলার উত্তর বাজার মোড়ে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রাব্বিনুর (৪৫)। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার ধনাকুর্শা বাঁশকান্দি গ্রামের মৃত মইজ উদ্দিনের বড় পুত্র। তিনি পেশায় একজন ইলেকট্রিক্যাল ও প্লাম্বার মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে রাব্বিনুর তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় পথিমধ্যে মাছভর্তি একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।