শিরোনাম

সুনামগঞ্জ, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল শুক্রবার বিকালে সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়েই চলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমাদের প্রত্যেকের উচিত বছরে অন্তত একটি গাছ লাগানো এবং সেটির পরিচর্যা করা।’
জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এ্যাড. শেরনুর আলী।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর আলী, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আকুল আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, পৌর কৃষক দলের আহ্বায়ক রুমেন আহমদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জুয়েল মিয়া, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীপংকর মোহান্ত এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ জেলা কৃষকদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।