শিরোনাম

বাগেরহাট, ২৫ জুলাই, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস এবং বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করছে। বিদেশে কর্মসংস্থানের জন্য যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা ও
কর্মপরিবেশ সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, বৈধ প্রক্রিয়ায় বিদেশে গমন নিশ্চিত করতে হবে এবং কোনো অবস্থাতেই দালালচক্রের খপ্পরে পড়া যাবে না। প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত হলে ব্যক্তি, পরিবার ও দেশের অর্থনীতি সমানভাবে উপকৃত হবে।
গতকাল শুক্রবার বিকেলে রামপাল উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন, সরকারি প্রশিক্ষণ কার্যক্রম এবং নিরাপদ অভিবাসন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ, বাগেরহাট মেরিন একাডেমির পরিচালক মাজহারুল হোসেন খান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।
সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা বিদেশে কর্মসংস্থানের পূর্বশর্ত। বৈধ প্রক্রিয়ায় বিদেশে গমন নিশ্চিত করা গেলে প্রতারণা ও মানবপাচারের ঝুঁকি কমবে এবং নিরাপদ অভিবাসনের মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে।
সেমিনারে রামপাল ও মোংলা উপজেলার বিদেশগামী যুব-যুবাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।