শিরোনাম

চট্টগ্রাম, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কোস্টগার্ড ভাটিয়ারী স্টেশন বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ১টি ফিশিং বোট ও ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা সিমেন্ট, ৩৮০ বস্তা সার ও পাচারকাজে ব্যবহৃত ২টি বোট জব্দসহ ১০ পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা পণ্য, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।