বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৯:৩৭

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের থাবা, মালামালসহ আটক ১৬ 

চট্টগ্রাম, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে চোরাই মালামালসহ ১৬ জন জলদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজে জলদস্যুতার ঘটনা ঘটেছে।
 
আজ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ১৬ জনকে আটক করে।

বহির্নোঙরে জলদস্যুতা ও নিরাপত্তাহীনতা রোধে নৌ-পরিবহন মন্ত্রীর কাছে জরুরি হস্তক্ষেপ চেয়ে বুধবার চিঠি দিয়েছিল চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, অভিযানের সময় বহির্নোঙর এলাকায় সন্দেহজনক একটি লাইফবোটে তল্লাশি চালানো হয়। এ সময় বাণিজ্যিক জাহাজ থেকে চোরাই প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং ও দু’টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

এই ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বহির্নোঙরে একের পর এক জলদস্যুতা ও চোরাচালানের ঘটনায় ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী মহল। কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল জোরদার এবং আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর দাবি জানিয়েছিল চিটাগাং চেম্বার, যাতে দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য চলাচলকারী এই বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা যায়।