শিরোনাম

দিনাজপুর, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দু’জন পলাতক আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ অভিযানে মাদক সেবনের অভিযোগে ২ জনকে ৬ মাসের কারাদণ্ড এবং মাদক মামলার ৪ জন পলাতক আসামিসহ ৮ জনকে কারাগারে পাঠানো হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হিলি সীমান্ত সংলগ্ন বাসুদেবপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, হাকিমপুর উপজেলার নওপাড় গ্রামের রাহেদুল ইসলামের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮) এবং একই উপজেলার বাসুদেবপুর গ্রামের আবু তালেবের মেয়ে ও ফারুক হোসেনের স্ত্রী মোছা. সুখী খাতুন (২৯)।
সূত্র আরও জানায়, মাদক আইনে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দুই বছর আগে গ্রেফতার দুই আসামির অনুপস্থিতিতে প্রত্যেককে ৫ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে বিচারক রায় প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে ওই দু’জন পলাতক ছিলেন।
অপরদিকে, আজ সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে চুরিপট্টি মহল্লায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন, উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের মুনসুর আলী মুন্সির মো. হাবিবুর রহমান আরজু মুন্সি (৪৩) এবং একই উপজেলার নয়ানগর গ্রামের মো. মমিনুর রহমানের ছেলে আহসানুর রহমান (৩২)।
বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মি. জর্জ মিত্র চাকমার ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।
পুলিশের অপর এক অভিযানে আজ দুপুরে মাদক মামলায় পলাতক আসামি উপজেলার উত্তর বাসুদেব গ্রামের এসএম খোকনের ছেলে মো. আব্দুর রহমান শান্ত (৩০), মধ্য বাসুদেবপুর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে আবু হোসেন (২৩),দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মেহের আলীর ছেলে মো. নুর আলম (২৮) ও একই উপজেলার সাতকুড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. রায়হান বাবুকে (৩২) পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতার ৮ জনকে আজ বিকেল ৫টায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।