বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৮:১৩

চিকিৎসকদের প্রতি জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান 

দিনাজপুরে সমন্বয় সভায় স্বাস্থ্য পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী জনবান্ধব মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানান। ছবিঃ বাসস

দিনাজপুর, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : রংপুর বিভাগের স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী  জেলার বাসিন্দাদের জন্য জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ আহ্বান জানান। 

ডা. মো. ওয়াজেদ আলী  বলেন, বর্তমানে বর্ষা মৌসুম চলছে। এসময় আবহাওয়াজনিত কারণে বয়স্ক ও শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পায়। তিনি স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের মাঠের পরিদর্শন কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেন।  

তিনি বলেন, আক্রান্ত রোগীরা যাতে সঠিক পরামর্শ ও চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আগত রোগীদের বহি : বিভাগে এবং ভর্তিকৃত রোগীদের হাসপাতালে রোগ নির্ণয় করে প্রকৃত চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন।  

স্বাস্থ্য বিষয়ক পরিচালক স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব, কার্যকর ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলার সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট, সিভিল সার্জন কার্যালয়ের সব মেডিক্যাল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রংপুর বিভাগের ডিভিশনাল কো-অর্ডিনেটর, ইউনিসেফের রংপুর বিভাগের ইপিআই কনসালটেন্ট, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, যক্ষ্মা ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, হাসপাতালের সেবার মান বৃদ্ধি, স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম, বিভিন্ন জাতীয় স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ জেলার স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।