বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৬:৫৫

বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময়

ছবি : বাসস

বরগুনা, ২৩ জুলাই, ২০২৬, (বাসস) : জেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কর্ম পরিকল্পনা প্রণয়নে জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

মতবিনিময় সভায়, জেলা প্রশাসক প্রধান শিক্ষকদের শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা হ্রাসে করণীয় বিষয় নিয়ে নিদর্শনা দেন।

সভায় বরগুনা জেলার দুইশত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শিরিন আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথস বিশ্বাস ও জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার তমা।