শিরোনাম

রাজবাড়ী, ২৩ জুলাই, বাসস (২০২৬) : ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি আম্র কানন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে বৃক্ষমেলা প্রাঙ্গণে শেষ হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন।
প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা ও র্যালি শেষে মেলা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিক্রির জন্য মজুত করা হয়েছে।
প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভীন সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষমেলা, চারা বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।