বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১৩:৩৫

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফেনী, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার পরশুরামে বিয়ে বাড়িতে স্টেজের লাইটিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন মজুমদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মির্জানগর মহেশপুষ্করনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, বুধবার মহেশপুষ্করনী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের স্টেজে লাইটিংয়ের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইমন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইমন পরশুরাম বাজারের কলেজ রোডে ‘সায়মন্ড ইভেন্ট’ নামে একটি ইভেন্ট ব্যবসা পরিচালনা করতেন।

সাইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত আশ্রাফুল ইসলাম বাসস’কে জানান, নিহত সাইমনের লাশ তার মা বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেন। উর্ধতন কতৃপক্ষের অনুমতি নিয়ে মায়ের কাছে নিহতের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। 

এদিকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা সরেজমিনে তদন্ত করব।