বাসস
  ১৯ জুলাই ২০২৬, ১৭:২০

নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি : বাসস

নেত্রকোণা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলায় ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’ এ প্রতিপাদ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

জেলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, টিটিসি-র ইন্সট্রাক্টর সাইদুর রহমান।

সেমিনারে প্রধান অতিথি বিদেশগামীদের সম্পূর্ণ বৈধ পন্থায় বিদেশ গমন, সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা এবং নিজেকে কোনো না কোনো বিশেষ ক্ষেত্রে দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনি যদি দক্ষতা নিয়ে বৈধভাবে বিদেশে যান, তবে ভালো প্রতিষ্ঠানই আপনাকে খুঁজে নেবে। শুধু তাই নয়, দক্ষ হলে আপনারা পরবর্তীতে চাইলে বৈধ উপায়ে এক দেশ থেকে অন্য দেশেও যাওয়ার সুযোগ পাবেন।’ তিনি সকলকে বৈধ কাগজপত্র ও বৈধ জব লেটার (নিয়োগপত্র) নিশ্চিত করে সঠিক ও বৈধ এজেন্সির মাধ্যমে বিদেশ গমনের অনুরোধ জানান।

পুলিশ সুপার প্রবাসীদের আশ্বস্ত করে আরও বলেন, প্রবাসে অবস্থানকালে কিংবা দেশের বিমানবন্দরে কোনো ধরনের সমস্যায় পড়লে যেকোনো আইনি ও জরুরি সহযোগিতার জন্য তারা যেন সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস অথবা জেলা পুলিশের সহায়তা নেন। জেলা পুলিশ সর্বদা প্রবাসীদের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। 

এছাড়া বক্তব্য দেন, সাংবাদিক কে. এম. আব্দুল্লাহ এবং সৌদি আরবগামী মো. মাসুদসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইন-কানুন সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া, কারিগরি ও ভাষাগত দক্ষতা অর্জন করে বিদেশে গেলে শ্রমের ন্যায্য মূল্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত হয়। একই সাথে দালালের নানামুখী প্রলোভন থেকে দূরে থেকে বৈধ পথে বিদেশ যাওয়া এবং বৈধভাবে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

সেমিনারে টিটিসির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন স্তরের সুধীজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি টিটিসির সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।