শিরোনাম

রংপুর, ১৯ জুলাই ২০২৬ (বাসস): জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সুমন মিয়া (২৮) এবং লালমনিরহাট সদর উপজেলার লুনা আক্তার সুমি (২৫)।
জেলা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে ডিবির ওসি মো. সোহেল রানার নেতৃত্বে গতকাল শনিবার দিবাগত রাতে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের তালুকহাবু এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কাকিনা-রংপুর সড়কে একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাসসকে জানান, এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।