শিরোনাম

ঝালকাঠি, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো প্রকল্পের কারণে জনগণের চলাচল, নিরাপত্তা বা নাগরিক সুবিধা ব্যাহত হলে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে তা সমাধান করতে হবে।
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি আজ এসব কথা বলেন।
জেলা প্রশাসক পৌর শহরের সব ড্রেনের ওপর পর্যায়ক্রমে ঢাকনা স্থাপন এবং শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, মডেল মসজিদের উদ্বোধন ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, নলছিটি পৌরসভার চলমান কার্যক্রম, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার, উন্নয়ন তহবিলের কার্যকর ব্যবহার, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম এবং ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনসেবার মানোন্নয়নে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়জিদ ইবনে আকবর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী এইচ এম শাহাবুদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।