শিরোনাম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : দেশের বিমানবন্দরগুলোতে অননুমোদিত গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অন্যান্য পরিচালন সেবা প্রদানের বিরুদ্ধে এয়ারলাইনস্ ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই নির্দেশ অমান্য করলে আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
নিয়ন্ত্রক সংস্থা বেবিচক-এর নজরে এসেছে যে, কিছু প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স ছাড়াই বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং এবং পরিচালন সেবা দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। এর প্রেক্ষিতেই এই সতর্কবার্তা জারি করা হয়।
বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেবিচকের পূর্বানুমতি বা বৈধ লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো বিমানবন্দরে কোনো এয়ারলাইনস্ বা এয়ারক্রাফট অপারেটরকে এ ধরনের সেবা দিতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অন্য যেকোনো পরিচালন সেবা দিতে ইচ্ছুক প্রতিষ্ঠানকে কার্যক্রম শুরুর আগেই বেবিচক থেকে প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স নিতে হবে।’
বেবিচক এয়ারলাইনস ও এয়ারক্রাফট অপারেটরদেরও একটি নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য পরিচালন সেবার জন্য তারা যেন কেবল বেবিচক-এর যথাযথ অনুমোদন বা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকেই নিয়োজিত করে।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই নির্দেশনা অমান্য করা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭’ এবং অন্যান্য প্রযোজ্য বিমান চলাচল আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বেবিচক।