শিরোনাম

নরসিংদী, ১৮ জুলাই, ২০২৬ (বাসস): নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছে, বিশ্বের ইতিহাসে তা বিরল।
নির্বাচনী ইস্তেহারে যা অঙ্গীকার দেওয়া হয়েছিল তা প্রায় ৮০ শতাংশ পূরণের পথে বিএনপি সরকার। পৃথিবীর ইতিহাসে ৪ মাসে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের ঘটনা নেই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড থেকে শুরু করে ইতোমধ্যে অনেক দাবি-দাওয়া পূরণ হতে চলেছে।
তিনি আজ শনিবার সন্ধ্যায় জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখন দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নাই, ফ্যাসিস্ট হাসিনা নাই। দেশে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক পরিবেশ আছে, মতপ্রকাশের স্বাধীনতা আছে, ন্যায় বিচার আছে। আপনারা দেখেছেন মাত্র ১ মাসের মধ্যে রামিসা হত্যার চূড়ান্ত বিচারের রায় হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শহীদ তাহমিদের বাবা পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।