শিরোনাম

ময়মনসিংহ, ১৮ জুলাই, ২০২৬, (বাসস) : জেলার ভালুকায় পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। তারা হলেন, খুলনার শফিকুল ইসলাম (৩০) ও নেত্রকোণার রুমেল (২৫)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ভালুকার এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বাসসকে বলেন, নিহত দুই শ্রমিক এক্সিলেন্ট সিরামিকস কারখানার নিয়মিত শ্রমিক না।
দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কারখানাটির পানি পরিশোধনাগার ট্যাংক পরিষ্কার করতে নামেন শফিকুল ইসলাম। এ সময় তার কোনো সাড়া শব্দ না পেলে খোঁজ নেওয়ার জন্য রুমেলও ট্যাংকে নামেন। তারও দীর্ঘদিন কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি।
পরে খোজঁঁ নিয়ে দেখা যায় দুজনই ট্যাংকের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি অন্যান্য শ্রমিকরা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বর্তমানে কারখানার পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।