শিরোনাম

সাতক্ষীরা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে।
আজ শনিবার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ঔষধ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ আট হাজার সাতশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।