শিরোনাম

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্ত ব্যবস্থাপনা, অভিযানিক প্রস্তুতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করতে গতকাল ও আজ (১৭- ১৮ জুলাই) কক্সবাজার ও সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিদর্শনকালে মহাপরিচালক বিজিবির চলমান সীমান্ত নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করেন এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
তিনি ওই অঞ্চলের দায়িত্বপালনরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় দুর্গম ও প্রতিকূল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনে তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করেন তিনি।
এছাড়া, অপারেশনাল কার্যক্রমের আরও উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মহাপরিচালক।
এতে বলা হয়, কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি সদস্যরা চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়া, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করে।
দেশের সীমান্ত সুরক্ষা এবং জনগণের সেবায় বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মহাপরিচালক সকল সদস্যকে সর্বদা সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল থেকে উদ্ভূত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে সকল বিজিবি সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।