বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৮:১৪
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৮:২০

বৃক্ষরোপণ করলেই হবে না, পরিচর্যাও করতে হবে : এমপি আনোয়ারুল

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি আজ দুপুরে নেত্রকোণা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

নেত্রকোণা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, বৃক্ষরোপণ শুধু করলেই হবে না, যথাযথভাবে পরিচর্যাও করতে হবে। রোপণকৃত গাছ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন, তার সমস্ত ব্যয় বহন করবে সরকার।

আজ শনিবার দুপুরে নেত্রকোণা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখা এবং রংধনু কচি-কাঁচার মেলা, সাতপাই, নেত্রকোণার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি প্রধান অতিথি হিসেবে চারা গাছ রোপণ করে জেলাব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি তা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

বাপার যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক এ্যাড. নুরুজ্জামান নুরু।

মধুমাছি কচিকাঁচার মেলার সদস্য হেদায়েত উল্লাহ রুমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু।

এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশবাদী কর্মীরা উপস্থিত ছিলেন।