শিরোনাম

যশোর, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার অভয়নগর উপজেলায় আজ ট্রাকচাপায় ওসমান ফকির (৬৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান ফকির জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মৃত শরিফুল ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওসমান ফকির নুরবাগ মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-উ-১১৮৪০৯) আটক করতে সক্ষম হলেও ট্রাকের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে। পলাতক চালক ও হেলপারকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।