বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৭:৪৬

পাবনায় পুলিশ মারধরের মামলায় গ্রেফতার ১১

পাবনা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে আজ শনিবার ভোর অবধি অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ওসি রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সুজানগর থানায় উপজেলা ও জেলা শাখাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে পুলিশ দুটি মামলা দায়ের করে ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে অভিযানে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর এবং মারধর করা হয়। এ হামলায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ওসি মোজাফফর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সোহাগসহ ৫৫ জনকে নামীয় আসামি করা হয়েছে। 
একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নামে আরেকটি মামলা দায়ের করে পুলিশ। এতেও প্রধান আসামি আব্দুল ওহাব। এতে দলটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু ও ছাত্রলীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সোহাগসহ নামীয় ৫৭ জনকে আসামি করা হয়েছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও এসব কাজে সহযোগিতার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়েছে। উভয় মামলাতেই ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলেও জানায় পুলিশ।

পাবনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, মামলার পর শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর অবধি সুজানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে এজাহারনামীয় ও কয়েকজন অজ্ঞাতনামা আসামি রয়েছে। তিনি জানান, আজ বিকেলে  আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।