বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৬:০০

কলমাকান্দায় ১০ হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।। ছবি: বাসস

নেত্রকোণা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নে ১০ হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় ‘রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

‘রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ এর (সমিতি’র) চেয়ারম্যান নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এবং ব্যবস্থাপক তানজু বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হক এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির পরিচালক মিনারা বেগম, কোষাধ্যক্ষ আসমা বেগম, ব্যবস্থাপক আলপিনা বেগমসহ সমিতির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ সময় তারা প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং সঠিক পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

সভা শেষে সমিতির সদস্যদের মাঝে ১০ হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে এলাকার সদস্যদের মাঝে পর্যায়ক্রমে সকল চারা বিতরণ করা হবে, যা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।