বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১৫:১৫

বিজিবি’র উদ্যোগে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

ছবি: বাসস

দিনাজপুর, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সীমান্তে বসবাসরত পাঁচ শতাধিক নারী পুরুষ ও শিশু রোগীকে আজ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে ২ টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিনাজপুর সীমান্তবর্তী এলাকায়, দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।

সূত্র জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর বিজিবি সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন-বিজিবি ২৯ বিজিবি’র ব্যবস্থাপনায় সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার প্রায় ৫শ’ জন নারী-পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু দেশের সীমান্ত পাহারায় নয়, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, দেশের যে কোন দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতে থাকবেন। বিজিবি’র মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এই উদ্যোগ সীমান্তবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টরের সিনিয়র মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, এএমসি, ফুলবাড়ী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পিবিজিএমএস, সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল মামুন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

আজ শনিবার এই চিকিৎসা সেবা কার্যক্রম ও ওষুধ বিতরণ কর্মসূচিও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ বলে ব্যক্ত করেন তিনি।