বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১২:৪০

রংপুরে একদিনে প্রাণ গেল ৫ জনের

রংপুর, ১৮ জুলাই, ২০২৬ (বাসস): রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পীরগাছায় ট্রেনে কাটা পড়ে ২ নারী ও ছাদ থেকে পড়ে ১ ব্যবসায়ী, পীরগঞ্জে বিলে ডুবে ১ স্কুল ছাত্রী এবং সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টার মধ্যে জেলার এই দুই উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

রেলওয়ে স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, সন্ধ্যায় পীরগাছা রেলওয়ে স্টেশন সংলগ্ন সুখান পুকুর এলাকায় ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাশেদা বেগম (৫৫) নামের একজনের পরিচয় জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

একইদিন রাত সাড়ে আটটার দিকে পীরগাছা বাজারে ছাদ থেকে পড়ে নাহিদ হোসেন (৩৮) নামে ১ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বটতলা এলাকার বাসিন্দা ফজলু মিয়ার ছেলে।

পীরগাছার ওসি মহিবুল্লাহ বাসস’কে জানান, ট্রেনে কাটা পড়ে ও ছাদ থেকে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, পীরগঞ্জ উপজেলার ধারাকোল বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রোজাতুল খাতুন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে এই দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে একই দিনে পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় উজ্জ্বল রায় নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল রায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে বলে জানা গেছে।

পীরগঞ্জের ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।