শিরোনাম

নওগাঁ, ১৭ জুলাই ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে জেলার আত্রাই উপজেলায় আজ ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের ঐতিহ্যবাহী পতিসরে একটি কৃষি ব্লকে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মোবাইল অ্যাপস ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। কৃষকদের ভোগান্তি কমাতে এবং সঠিক ও নির্ভুল উপাত্ত নিশ্চিত করতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি কৃষকদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করছেন। তথ্য সংগ্রহের সময় সংশ্লিষ্ট কৃষককে বাড়িতে উপস্থিত থাকতে হবে।
এছাড়া কৃষকের জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন, একজন মনোনীত ব্যক্তির (নমিনি) মূল এনআইডি কার্ডসহ উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি সংক্রান্ত তথ্য (জমির পরিমাণ, ফসল ইত্যাদি) দিয়ে সংগ্রাহককে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে এ কার্যক্রম আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে।
এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক কার্ড' একটি যুগান্তকারী মাইলফলক। এর মাধ্যমে প্রকৃত প্রান্তিক কৃষকদের নিখুঁত ডিজিটাল ডাটাবেজ তৈরি হবে, যার ফলে সরকারি প্রণোদনা, ঋণ ও সকল সুযোগ-সুবিধা সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।