শিরোনাম

টাঙ্গাইল, ১৭ জুলাই, ২০২৬, (বাসস) : জেলার মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বংশাই থলপাড়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের সাজ্জাত হোসেন (১৮) ও বগুড়ার শেরপুরের পাকুরিয়া গ্রামের জিকুল মিয়া (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষর্থীরা জানায়, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে ৪০ জন যুবক নৌকা নিয়ে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী পিকনিক স্পটে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।